বগুড়ার দুপচাঁচিয়ায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় হৃদয় (২৫) নামে এক হেলপার আহত হয়।
বুধবার (১৭ জুন) রাত ৩টার দিকে উপজেলার তিষিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ
দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ট্রাক চালক আনোয়ার হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের বাসিন্দা। নওগাঁ ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নোয়াখালীতে যাচ্ছিলো। ট্রাকটি বুধবার রাত ৩টার দিকে দুপচাঁচিয়ার তিষিগাড়ী এলাকায় পৌঁছে।
এ সময় বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী বালু বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে দুটি ট্রাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় আম বোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার হৃদয় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। হেলপার হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। বালুবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনী প্রক্রিয়া শেষে নিহত চালক আনোয়ার হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।



