বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা আর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনায় এবার মজার এক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতেই বললেন, “ব্রাজিলের হয়ে খেলানোর জন্য লিওনেল মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন তিনি!”
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দলের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে ফুটবল বিশ্লেষকদের।
অন্যদিকে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। সেই প্রেক্ষাপটেই ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েন লুলা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিল প্রেসিডেন্ট মজা করে বলেন, “আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে চুক্তিবদ্ধ করি।” কথাটি বলার সময় হাসছিলেন তিনি। তবে সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মরক্কোর সঙ্গে ড্র করাকে তিনি খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না।
লুলার মতে, গ্রুপে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই ছিল মরক্কো। তাই প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, “লোকজন বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে। এবার কী হয়, দেখা যাক।”
প্রথম ম্যাচের ড্রয়ের পর এখন ব্রাজিলের সামনে অপেক্ষা করছে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই।
এদিকে ৩৪ বছর বয়সী ব্রাজিল তারকা নেইমার প্রায় তিন বছরের বিরতির পর জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। চোট ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন ব্রাজিলের এই তারকা। এর মধ্যেই গত মাসে কাফ মাসলের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।
তবে সব শঙ্কা কাটিয়ে বুধবার দলের অনুশীলনে বল পায়ে ফিরেছেন তিনি।



