রাঙামাটির রাজস্থলী উপজেলায় মদ ভেবে ভুল করে কীটনাশক পান করে রিংকন বড়ুয়া নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদংপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৭ জুন) রাতে নিজ বাড়িতে রাখা জমিতে ব্যবহারের কীটনাশক ভুলবশত মদ ভেবে পান করেন রিংকন। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে মুখ থেকে তা ফেলে দিলেও কিছু পরিমাণ বিষ তার পেটে চলে যায়।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ জানান, ঘটনার পর রিংকনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



