Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: শিক্ষা খাত আধুনিকায়নে কাজ করছে সরকার

এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলাকে আরও গুরুত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

শিক্ষা খাতকে আধুনিক, পরিমার্জিত ও সময়োপযোগী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলাকে আরও গুরুত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারের মতো খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে যুক্ত করা হবে। এর মাধ্যমে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী জানান, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ নিয়ে অংশ নিচ্ছে। চলতি বছর দেশজুড়ে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল আয়োজন হিসেবে বিবেচিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে গুরুত্ব দিচ্ছে। এর ফলে দেশের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে ফুটবলে সাফল্য অর্জনের সুযোগ পাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উজ্জ্বল প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সফলতা কামনা করেন।

   

About

Popular Links

x