Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী: প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়

টাঙ্গাইল সদর উপজেলায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।”

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “মাদক কোথা থেকে আসে এ বিষয়ে সবাই সচেতন। আশপাশের দেশগুলো থেকেই এসব মাদক প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা মাদককে না বলব এবং খেলাধুলাকে স্বাগত জানাব। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।”

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান সুলতান সালাউদ্দিন টুকু। পাশাপাশি আগামী পাঁচ বছরে উন্নয়নের তালিকায় টাঙ্গাইলকে শীর্ষ অবস্থানে দেখতে চান বলেও উল্লেখ করেন।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ। 

   

About

Popular Links

x