ফ্রিতে ইন্টারনেট সংযোগ না পেয়ে যুবককে পিটিয়ে জখম, এসআই প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এসআইকে প্রত্যাহার করে আজ বুধবার (২০ আগস্ট) তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আহত যুবক ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি কেব্‌ল ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী।

ভুক্তভোগীর অভিযোগ, ৩ দিন আগে এসআই নাজমুল হাসান তার কাছে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ চান। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানিয়ে সেখান থেকে চলে যান। পরে গতকাল বিকেলে ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এসময় প্রথমে মোটরসাইকেল চুরির অভিযোগ আনা হয়। একপর্যায়ে এসআই নাজমুল হাসান তাকে বেধড়ক পেটান। এতে তার দুই হাতে গুরুতর জখম হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘অভিযুক্ত এসআইকে ঘটনার পর দায়িত্বরত ফাঁড়ি থেকে থানায় নিয়ে আসা হয়। আজ (বুধবার) সকালে তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”