খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত পাাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় পাওয়া নিহত দুইজন হলেন ইজিবাইক চালক মোজাহিদুল (২০) ও যাত্রী রিনা খাতুন (২৫)।
ডুমুরিয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, “ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলা খরসন্ডা এলাকার মোজাহিদুল মোড়ল ও ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রিনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি। এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে।”
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, “এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।