শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কালনাগিনী উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তায় থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে সাপটিকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।   

তিনি বলেন, “শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় শ্রাবণ পালের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পাওয়া যায়। বাসার সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসার বাইরে চলে যান।”  

তিনি আরও জানান, শ্রাবণ পাল বিষয়টি উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে জানালে তিনি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে ফোনে বিষয়টি জানান। এরপর চেয়ারম্যানের নির্দেশে স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।