চট্টগ্রামে ২২,৬৪২ লিটার তেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানকালে ২২,৬৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১,০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

এসময় আরও দুইটি গুদাম থেকে মোট ২১,৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করে তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অনমোদনহীন পণ্য বাজারজাত এবং অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অভিযোগে অভিযানগুলো চালানো হয়। জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিশন (বিএসটিআই) কর্মকর্তাদের নেতৃত্বে র‍্যাব-৭ এর একটি দল অভিযানগুলো পরিচালনা করে। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, “মহানগরীর অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বাজারজাত করেছে। তারা অনুমোদন ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিশন (বিএসটিআই) এর লেবেল ব্যবহার করছিল।” 

র‍্যাব-৭ এর ওই কর্মকর্তা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।