আজ ১০ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরবর্তীতে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিতি লাভ করে। মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালনার জন্য এ সরকারই রাজনৈতিক, প্রশাসনিক এবং কূটনৈতিক কাঠামো তৈরি করেছিল।
মুজিবনগর সরকার গঠনের সময় জাতির নেতা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দীন আহমদ। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলার এই অস্থায়ী বিপ্লবী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরবর্তীতে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় ‘মুজিবনগর’ এবং এটিকে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয় মাসের মুক্তিযুদ্ধ সুসংগঠিতভাবে পরিচালিত হয়। এই সরকার রাজনৈতিক কর্মকাণ্ড, কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায়।