Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‌‘এক মাসের গণআন্দোলনের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা চলে না’

সংসদে দেওয়া বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান এ কথা বলেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও ইতিহাস বিকৃতির চেষ্টার বিরুদ্ধে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর ড. ইউনূস সরকারের সময় একটি “কালো শক্তি” সব ঐতিহ্য ও ইতিহাস ধ্বংস করে দিয়েছিল। তারা প্রচার করেছিল যে দেশে কোনো মুক্তিযুদ্ধই হয়নি। তাদের মতে, ১৯৪৭ সালে যুদ্ধ হয়েছে আর ২০২৪ সালে যুদ্ধ হয়েছে, আর ১৯৭১ সালে যা হয়েছে তা কেবল “গণ্ডগোল”।

এর প্রতিবাদে তিনি বলেন, “সেইদিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম - এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য। ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য।”

ফজলুর রহমান ২০২৪ সালের এক মাসের গণআন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মূলত মহান মুক্তিযুদ্ধকে ছোট করা হয়।”

যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। একটা বন্দুকের বা কামানের আওয়াজ সিলেটে হয়েছে আর আমি ময়মনসিংহে বসে সেই শব্দ শুনেছি। খালেদ মোশাররফ বা কামালপুরে কর্নেল তাহেররা যখন ১০০ কিলোমিটার দূরে যুদ্ধ করছেন, সেই যুদ্ধের শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি।”

   

About

Popular Links

x