ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে হাজী কামরুল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেছেন, "এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি গঠনের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই এ হামলা করা হয়েছে। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এনসিপি তাদের সমর্থন করে না।" তার ভাষ্যমতে, এ ঘটনায় নবগঠিত কমিটির কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
অপরদিকে এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেছেন, "১৬ মাস ধরে ধামরাই ঢুলিভিটা এলাকায় এনসিপির কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ নতুন কার্যালয় উদ্বোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে এ হামলা করা হয়।" এই সংঘর্ষে তিনিসহ ৯ জন আহত হয়েছেন বলে দাবি করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানিয়েছেন, "এনসিপির কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"