মুরগির খামারে মিলল পাঁচ লাখ পিস ইয়াবা

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।   

এরআগে ৯ এপ্রিল রাতে টেকনাফ উপজেলার রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুরুল হোসেনের মুরগির খামারে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে,  সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হচ্ছে বলে সন্তোষপ্রকাশ করছে স্থানীয়রা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"