হাইভোল্টেজ লাইনে বেলুন, সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে সংক্রান্ত তথ্য আসে। পরে বিষয়টি নিশ্চিত করেন কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল।

তিনি জানান, কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ওই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

হাই ভোল্টেজ লাইনে আটকে থাকা বেলুন অপসারণে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বেলুনটি সরানোর কাজ করছে।

অপসারণ কাজ সম্পন্ন হলে আবার স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।