সুনামগঞ্জের দিরাই উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক পাচারের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদ্রাসা দপ্তরীর বিরুদ্ধে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে দিরাই পৌরসভার বাগবাড়ী এলাকায় হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলামকে বই বিক্রির অভিযোগে আটক করে স্থানীয়রা।
জানা গেছে, দিরাই পৌরসভার বাগবাড়ী এলাকায় অবস্থিত মাদ্রাসাটি থেকে ৪ বস্তা২০২৬ শিক্ষাবর্ষেরবই একটি ভ্যানগাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বেশ কয়েকজন যুবকের সন্দেহ হয়। তারা ভ্যানটি আটক করে তল্লাশি করলে ভেতরে সরকারি নতুন বই দেখতে পান। ঘটনার ভিডিও ধারণ করা হলে দপ্তরী শহীদুল ইসলাম বিষয়টি ধামাচাপা দিতে ওই যুবকদের বই বিক্রির টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে যুবকরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এলাকাবাসীকে খবর দেয়।
অভিযুক্ত শহীদুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল জানান, বিষয়টি ইউএনও ও পরিচালনা কমিটিকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, “এটি গুরুতর অপরাধ, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”