Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনা ভক্তদের বিনা ভিজিটে চিকিৎসা দেবেন এক ডাক্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ ঘোষণা দিয়েছেন

আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:৪১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিসিএস ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে কিংবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার চেম্বারে আসা রোগীরা কোনো ভিজিট ফি ছাড়াই দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন রোগ বিষয়ে পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় দন্ত চিকিৎসা সেবায়ও বিশেষ ছাড় দেওয়া হবে।

ডা. শরীফ হোসাইন বলেন, “ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছি। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দে অংশীদার হতে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এই বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি।“

তিনি আরও বলেন, “আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি। একই সঙ্গে নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নেওয়া প্রয়োজন। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের প্রত্যাশা।”

ডা. শরীফের এই ব্যতিক্রমী ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা অফারের মধ্যে একজন দন্ত চিকিৎসকের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে।

   

About

Popular Links

x