Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপনে কার বেতন কত হলো?

প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ১৪২% পর্যন্ত করা হয়েছে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করেছে সরকার। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ শীর্ষক এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে, ফলে বকেয়া অর্থও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপনে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০% বাড়ানো হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ ১৪২% পর্যন্ত করা হয়েছে।

১ম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। ৪র্থ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা এবং ১ম থেকে ৫ম গ্রেডের ক্ষেত্রে ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার, ৭ম গ্রেডে ৫৮ হাজার, ৮ম গ্রেডে ৪৬ হাজার, ৯ম গ্রেডে ৪৪ হাজার এবং ১০ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকায় উন্নীত হয়েছে। ১১তম গ্রেডে প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকা, ১২তম গ্রেডে ২৪ হাজার টাকা, ১৩তম গ্রেডে ২৪ হাজার টাকা এবং ১৪তম গ্রেডে ২০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। ১৫তম ও ১৬তম গ্রেডে বৃদ্ধির হার ১৩৫%। ১৭তম গ্রেডে ১৩৮%, ১৮তম গ্রেডে ১৩৯%, ১৯তম গ্রেডে ১৪১% এবং ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২% বৃদ্ধি পেয়ে মূল বেতন দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০% এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০% হারে সুবিধা পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সাথে যুক্ত হবে।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৭০% এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৭৫% হারে বর্ধিত অর্থ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

এ ছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আনুষঙ্গিক অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন। পেনশন সুবিধাভোগীরাও একই সময়সূচি অনুযায়ী নতুন বেতন কাঠামোর সব ধরনের সুবিধা ভোগ করবেন।

   

About

Popular Links

x