এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতা নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

আলোচিত এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্ট জানান, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারও সঙ্গে আপস বা সমঝোতা করার কোনো সুযোগ নেই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে ব্যাংক খাতে এস আলম গ্রুপের ঋণের ভয়াবহ চিত্র তুলে ধরেন। 

তিনি জানান, ইসলামী ব্যাংকের ৯২ হাজার ১১৫ কোটি টাকা ঋণের মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকা ঋণখেলাপি। এছাড়া জনতা ব্যাংক থেকেও গ্রুপটি ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন খেলাপি হয়ে আছে।

হাসনাত আবদুল্লাহ জানতে চান, এই বিশাল ঋণ পুনরুদ্ধারে চলতি অর্থবছরে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না এবং গ্রুপটিকে নতুন করে পুনর্বহালের কোনো চেষ্টা বা সরকারের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, আর্থিক শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাবা শেয়ারবাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।”

ব্যাংক রেজোল্যুশন আইন সংশোধনের মাধ্যমে এস আলম গ্রুপকে পুনর্বাসনের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাউকে ফিরিয়ে আনার জন্য এই আইন সংশোধন করা হয়নি। বরং এই সংশোধনীকে তিনি ‘নিউ অপরচুনিটি’ ও ‘নিউ উইন্ডো’ হিসেবে অভিহিত করেন।