পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো৷
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্ত থেকে ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে৷
ওই দুই কিশোর হলো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)৷ তারা দুজন ওই সীমান্ত এলাকায় চা–বাগানে বেড়াতে এসেছিল বলে জানা গেছে৷
বিজিবি ও স্থানীয়দের পক্ষ থেকে জানা গেছে, বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসে সীমান্তে চা–বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয়৷ এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে ভারতের মীরগঞ্জ এলাকায় চলে গেলে ভারতীয় মরিচা ক্যাম্পের টহল
দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান৷ খবর পেয়ে বিজিবির মীরগড় বিওপির (কোম্পানির) সদস্যরা বিএসএফের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ফেরত চেয়েছেন৷
বিজিবির মীরগড় বিওপি (কোম্পানি) সূত্রে জানা যায়, সাক্ষাতের পর ওই কিশোরদের ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ পরে জানাবে বলেছে৷
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রাতি রানী বলেন, ‘‘ওরা দুজন (দুই কিশোর) গতকাল মঙ্গলবার গরিনাবাড়ি-কালুপাঠা এলাকায় উদয়ের বোনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল৷ বুধবার ওরা চা–বাগান দেখতে গিয়ে ভুল করে ভারতের ভেতরে চলে গেছে৷ পরে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে৷ আমরা বিজিবির কাছে এসেছি৷ এটা নিয়ে বিজিবি-বিএসএফের মিটিংয়ে নাকি বিএসএফ তাদের ফেরত দিতে চেয়েছে৷ আমরা তাদের ফেরতের অপেক্ষায় আছি৷’’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘‘বিষয়টি আমরাও জেনেছি৷ এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷’’