এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা সহ ৪ জন

সাবেক যুবদল নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার তার অনুসারী কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই সঙ্গে দেশের আলোচিত কয়েকজন সামাজিক ও অনলাইন ব্যক্তিত্বও দলটিতে নাম লিখিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তারা নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন।

ইসহাক সরকার ছাড়াও এনসিপিতে যোগ দেওয়া অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এই সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

এনসিপিতে যোগ দিয়ে ইসহাক সরকার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি একটি রাজনৈতিক বার্তা দিয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “গণভোটের রায় মেনে নিয়ে সরকারকে দ্রুত রাষ্ট্র সংস্কারের পথে হাঁটতে হবে।”

জাতীয় নাগরিক পার্টিতে তরুণ ও পরিচিত মুখদের এই অন্তর্ভুক্তি দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।