জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সাক্ষরিত একটি চিঠিতে এ সতর্কতা জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বলে সম্প্রতি জানতে পেরেছে গোয়েন্দা বিভাগ।
জাতীয় সংসদসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করছে তারা।
ওই চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।
সম্ভাব্য হামলা ঠেকাতে সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর, বলে বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে।