Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এরপর যা মিললো

শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরের একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালাবদ্ধ একটি ব্যাগে বোমা থাকার সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাব এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নয়, ছিল কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।

শনিবার (২৫ জুলাই) উপজেলার কাঁচপুরের মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যান এক নারী। দীর্ঘ সময় ব্যাগটি সেখানে পড়ে থাকলেও কেউ সেটি নিতে না আসায় কর্মচারীদের সন্দেহ হয়। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন এবং নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

রাত দুইটার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রথমে তারা বোমা সন্দেহ করলেও ব্যাগটি খুলে পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x