Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামের নালায় মিললো দেড় হাজারের বেশি বুলেট

বিএসআরএম কারখানার গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুলেটগুলো জব্দ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে। তবে সেগুলোর সুনির্দিষ্ট ধরন, উৎস ও ব্যবহার নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, "শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশের একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট উদ্ধার করা হয়েছে।"

তিনি আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x