বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর বাবা-ছেলে দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন বাংলাদেশের জেলেরা। পরে তাদের মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গভীর রাতে মাছ ধরার সময় হঠাৎ প্রবল বৈরী আবহাওয়ায় তাদের ড্যানিশ ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি দীর্ঘদিন সাগরে ভেসে থাকতে থাকে এবং একপর্যায়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
তাদের দাবি, ভাসমান অবস্থায় একসময় জলদস্যুরা হামলা চালিয়ে বোটে থাকা সব মূল্যবান মালামাল ও খাবারের রসদ লুট করে নেয়। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয় তাদের।
স্থানীয় সূত্র জানায়, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে “গুলিরধার” এলাকায় ভাসমান বোটটি দেখতে পায়। মানবিক কারণে ট্রলারের জেলেরা দুই বিদেশি জেলেকে উদ্ধার করেন এবং বিকল বোটটি নিজেদের ট্রলারের সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসেন।
উদ্ধারের পর বাবা-ছেলে দুজনকে সাময়িকভাবে ট্রলার মালিক জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয় দেওয়া হয়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া বোটে কোনো মালামাল বা সরঞ্জাম ছিল না।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিককে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



