প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা পদে (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ আবদাল আহমদকে গ্রেড-১ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদালকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

আবদাল আহমেদ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন। এর আগে তিনি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।