Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়

আপডেট : ৩১ মে ২০২৬, ০২:২৭ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (৩১ মে) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ধারাবাহিক পরিদর্শনের কারণে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এতে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছিলেন।

শনিবারের ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। হাসপাতালের দাবি, এ সময় একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।

পরবর্তীতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ আরও জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক কষ্ট বা আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

   

About

Popular Links

x