পাবনা শহরের রথঘর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্সণের অভিযোগে মোজাহারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাঙ্গুড়া উপজেলার দাশ মরিচ এলাকা থেকে তাকে আটক করে। ঘটনায় পর পরই অভিযুক্ত মোজাহারুল ইসলাম পালিয়ে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিশুর মায়ের সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে রথঘর এলাকার ডিগ্রি বটতলা আকমল ভিলা মেসে এ ঘটনা ঘটে। শিশুটির মা ঐ মেসে রান্নার কাজ করতেন। এ সময় শিশুকে একা পেয়ে মোজাহারুল ইসলাম তাকে নিজ শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আটক ব্যক্তিকে আদলাতে প্রেরণ করা হয়েছে।”