নারায়ণগঞ্জে ৬টি শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয়টি ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১ মে) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পিলারের খাদ থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে - ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর আভিযানিক দল ৩০ এপ্রিল রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বালুরগদি সংলগ্ন কাঁচপুর ব্রিজের পিলারের খাদে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে। এ সময় ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগটির মুখ খুলে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শটগানের গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয় । এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।