Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাল টাকা তৈরির সরঞ্জাম ও প্রিন্টারসহ গ্রেপ্তার ১

১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার বিভিন্ন মানের জাল নোট উদ্ধার করা হয়

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা রুখে দিতে মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮। এ সময় জাল টাকা, বিশেষ প্রিন্টার ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, একটি বসতবাড়িতে গোপনে জাল টাকা তৈরির তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেনের নির্দেশনায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দীন ইসলাম ঢালীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘরের ড্রয়ার থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন মানের জাল নোট উদ্ধার করা হয়।

এরপর একই এলাকার সুজন ঢালী নামে এক ব্যক্তির ভাড়া করা ঘরে তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে: জাল টাকা তৈরির বিশেষ প্রিন্টার, দুটি কাটার ও দুটি পরিমাপক স্কেল, বিশেষ রাসায়নিক রং ও দুটি চপিং বোর্ড, ৯৫০টি এ-৪ সাইজের কাগজ, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীন ইসলাম ঢালী স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকা তৈরি করে বিভিন্ন এলাকায় আসল নোট হিসেবে সরবরাহ করতেন।

ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত পলাতক আরও দুই থেকে তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৮ জানিয়েছে, জাল টাকার মতো অর্থনীতি-বিধ্বংসী অপরাধ দমনে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার থাকবে।

   

About

Popular Links

x