সাভারে ১,৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় ১,৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শনিবার (২ মে) ভোররাতে উপজেলার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে (হোয়াটস আ্যাপ) পাঠানো এক বার্তায় ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন (৩৩), ডাকনাম সাগর। তিনি আশুলিয়া থানার সন্দীপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম কামাল উদ্দিন এবং মায়ের নাম মর্জিনা বেগম।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩,৯০,০০০ টাকা।

পুলিশ জানান, মোফাজ্জল হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।