২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানের সময় হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রাথমিক তদন্তে ঢাকাতে ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।
রবিবার (৩ মে) ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর এই তথ্য জানান। তিনি বলেন, “তদন্তের কাজ গুছিয়ে আনা হয়েছে। আমরা আশা করছি আগামী ৭ জুনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব।”
এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে দুই মাস সময় বাড়িয়ে দিয়েছিলেন। আদালত নির্ধারিত সেই সময়সীমার মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান আমিনুল ইসলাম।
উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনার বিচার চেয়ে চিফ প্রসিকিউটর বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে দায়ের করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ওই রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছিল। ট্রাইব্যুনাল এখন সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।