সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১,৪৫৬টি শিশু।
সোমবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২৫৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৫২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৩১১ শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,৩০২। এই সময়ে ১,০২৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,০৬১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১,৭৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫,৪৬৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৮,৮৪২ রোগী, যাদের মধ্যে ২৫,১৫১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।