এইচআরএসএস: এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬, আহত ৫৩৩

চলতি বছরের গত এপ্রিল মাসে সারা দেশে রাজনেতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৫৩৩ জনের অধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। 

এইচআরএসএস-এর প্রতিবেদনে বলা হয়, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের এপ্রিল মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ৯৮ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৫৩৩ জন। এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা মার্চ মাসের তুলনায় কমেছে। গত মার্চ মাসে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৯১২ জন। 

রাজনৈতিক সহিংসতার ঘটনায় এপ্রিল মাসে অন্তত ৯৮ ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪০টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪৭ জন ও নিহত চার। 

বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১১৩ জন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৫৮ জন। বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২৬ জন, বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত ৪৬ জন, জাতীয় নাগরিক পার্টির অন্তকোন্দলে একটি ঘটনায় ২০ জন আহত হয়েছেন। 

বিভিন্ন দলের মধ্যে ৬টি ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। এ ছাড়া, ২টি ঘটনায় ইউপিডিএফ-এর দুইজন সদস্য নিহত হয়েছেন। 

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, “এ মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি সংবেদনশীল ও পরিবর্তনশীল পর্যায় অতিক্রম করেছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, জাতীয় সংসদকে ঘিরে বিতর্ক এবং জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করেছে।”