বিআরটিএ’র নম্বরপ্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১১ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত রং, নকশা ও আকার অনুযায়ী নির্ধারিত স্থানে নম্বর প্লেট ব্যবহার করা প্রতিটি যানবাহনের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এমনকি কিছু ক্ষেত্রে নম্বর প্লেটের পরিবর্তে হাতে রং করে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরোধী।

ডিএমপি বলছে, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য ফি জমা দিলেও বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এমনকি, অনেক গাড়ির সামনের কাঁচে লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহনের ডিজিটাল নজরদারিতে জটিলতা তৈরি হচ্ছে বলেও দাবি ডিএমপির।