মাথায় গুলি নিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তার মারা গেছেন।  

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, রেশমি ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গত ৭ মে রাত রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান।

এ সময় রৌফাবাদ বিহারি কলোনির গলিতে মুখে মাস্ক পরা একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। ছোট রেশমি কিছু বুঝে ওঠার আগেই একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তার বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে যায়। এরপরে মাথায় গুলি নিয়ে লাইফ সাপোর্টে ছিল রেশমি।

পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি সবার ছোট। তাদের বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা।

রেশমি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৯ মে সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

সেদিনের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই রাজু নামে ওই যুবকের মৃত্যু হয়। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে রাজুকে হত্যা করা হয়েছে বা কারা এই মাস্কধারী সন্ত্রাসী, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।