রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ কয়েক ঘণ্টার ব্যবধানে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগ বাতিল করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৪ মে জারি করা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই প্রজ্ঞাপনে জারি করা হলো।
এর আগে, বৃহস্পতিবার অধ্যাপক ড. আনিসুর রহমানকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগসংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।