Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুগ্ধ-সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি

 রংপুর মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক দুই আসামি মুগ্ধ ও সিদ্বার্থ দাসের ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের অস্তিত্ব মেলেনি।  

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ডোপ টেস্টের প্রতিবেদন “নেগেটিভ” বা আলামত  না পাবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। “মাদক সেবনের কোনো আলামত মেলেনি ডোপ টেস্টে”, বলে জানান তিনি।

এর আগে, রবিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর নিরাপত্তার কারণে আসামিদের কারাগার থেকেই নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্টদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

ওই সময় ডিবি উপকমিশনার, ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় কারাগারেই নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে একই এলাকা থেকে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। মামলাটির তদন্ত করছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

   

About

Popular Links

x