বজ্রপাতের ‘আওয়াজে’ নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের কারণে অ্যাডভোকেট কামরুন নাহার (৪৯) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার সাতক্ষীরার সাবেক ক্রিকেটার ও “ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি”র পরিচালক একরামুল ইসলাম লালুর স্ত্রী। 

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে সাতক্ষীরায় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় অ্যাডভোকেট কামরুন নাহার বাড়ির পাশে তাদের নিজস্ব আম বাগানে যান। ঝড়ের তীব্রতা কিছুটা কমলে বাগানের এক কর্মচারী তাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কামরুন নাহারকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকদের ধারণা, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।