গাজীপুরের শ্রীপুরে অটোচালকদের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এ সময় আনসার রোড-বহেরারচালা সড়কের দেড় কিলোমিটার অংশে যানজট লেগে যায়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড়ে অটোচালকরা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী অটোচালকরা বলেন, আমরা এই সড়কে দীর্ঘদিন ধরে অটো চালাচ্ছি। রবিবার বিকেলে হঠাৎ করে উদয় সরকার নামের স্থানীয় এক ব্যক্তি কয়েকটি অটোর চাবি রেখে দেন। উদয়ের দাবি, তাদেরকে ছোট অটো চালানোর জন্য ২,০০০ এবং বড় অটোর জন্য ৪,০০০ টাকা প্রতি মাসে চাঁদা দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে আরেক অটোচালক জানান, আমরা কয়েকজন গত দুই মাস যাবত চাঁদা দিয়ে আসছি।
বিক্ষোভকারী অটোচালকরা বলেন, এই ছোট সড়কে সারাদিন অটো চালিয়ে ৪০০-৬০০ টাকা উপার্জন করা যায়। সেই টাকা থেকে ঘর ভাড়া, দোকানের বাকি, সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হয়। এই অল্প উপার্জন থেকে যদি ২ থেকে ৪ হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে স্ত্রী-সন্তানদের নিয়ে আমরা না খেয়ে থাকবো।
এদিকে, আনসার রোড-বহেরারচালা সড়ক অবরোধের খবর পেয়ে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোচালকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের দুর্ভোগের কথা শুনে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অটোচালকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অভিযুক্ত উদয় সরকার বলেন, “চাঁদা দাবির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অটোচালকরা যে অভিযোগ করেছে তা ঠিক নয়। তারা (অটোচালকরা) বিট (অটো রাখার স্থান) ভাড়া নিয়েছে। বিটের ভাড়া হিসেবে তারা মাসিক টাকা দেয়।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, “স্থানীয় এক ছাত্রদল নেতা অটোচালকদেরকে বুঝিয়ে বললে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।”