ঈদের ছুটি শেষে আদালত খোলার দিন থেকেই শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২৫ মে) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, “নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিচার কার্যক্রম আরও দ্রুত করার লক্ষ্যে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে আদালতগুলো ছুটির মধ্যেও সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুন থেকে রামিসার মামলার বিচার শুরু হবে। ঈদের ছুটি শেষে যেদিন অফিস-আদালত খুলবে, সেদিন থেকেই এ মামলার বিচার কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ঘটনাটি রাজনৈতিকভাবে বিভিন্ন পক্ষ ভিন্নভাবে দেখছে, তবে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সেখানে তিনি কবির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।