রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন আজ।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। পরে আজই এ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
এর আগে, ৩ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার দুই আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতেই রায় দেওয়া হতে পারে এই মামলার।
১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। সোহেলের স্ত্রী স্বপ্নার দেওয়া তথ্যানুযায়ী, ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেন।
এরপর ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান অভিযুক্ত সোহেল। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।



