রসালো প্যাটি, গলানো চিজ আর পছন্দের সসে ঠাসা একটি বড় বার্গার সামনে এলে জিভে জল আসাই স্বাভাবিক। তবে বার্গার হাতে পেতেই অনেকে যে ভুলটি করেন, তা হলো, এর বাইরের পুরো কাগজ বা র্যাপারটি একবারে খুলে ফেলেন। ফলে কয়েক কামড় দিতেই ভেতরের সস বা উপকরণ পেছনের অংশ দিয়ে গড়িয়ে পড়ে হাত ও পোশাক নোংরা করে ফেলে।
অভিজ্ঞ বার্গারপ্রেমী ও রন্ধনশিল্পীদের পরামর্শ হলো, বার্গার খাওয়ার সময় পুরো মোড়ক না খুলে অর্ধেকটা মোড়কের ভেতর রেখেই খাওয়া ভালো। বিশ্বের অনেক জনপ্রিয় বার্গার চেইন, যেমন: ‘শেক শেক’ বা ‘ইন এন আউট বার্গার’, বহু বছর ধরেই এভাবে বার্গার পরিবেশন করে আসছে।
বার্গার অর্ধেকটা কাগজের ভেতরে রেখে খাওয়ার পেছনে বেশ কিছু বাস্তব ও সুবিধাজনক কারণ রয়েছে।
প্রথমত, বার্গারের আকার যত বড় হয়, সেটি দুই হাতে সামলানো তত কঠিন হয়ে পড়ে। মোড়কের নিচের অংশটি অক্ষত থাকলে বার্গার শক্তভাবে ধরা যায়, যার ফলে নরম বান বা ভেতরের প্যাটি অতিরিক্ত চাপে ভেঙে বা চ্যাপ্টা হয়ে যায় না।
দ্বিতীয়ত, বার্গার খাওয়ার সবচেয়ে চেনা সমস্যা হলো, একপাশে কামড় দিলে অন্যপাশ দিয়ে লেটুস, টমেটো, চিজ বা সস বের হয়ে আসে। মোড়ক থাকলে সব উপকরণ নিজের জায়গায় আটকে থাকে এবং শেষ কামড় পর্যন্ত বার্গারের মূল গঠন ঠিক থাকে।
তৃতীয়ত, অতিরিক্ত সস ও রসালো প্যাটির কারণে বার্গার খাওয়ার সময় হাত মাখামাখি হয়ে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু অর্ধেক মোড়ানো থাকলে বাড়তি সস বা তেল কাগজে আটকে যায়, ফলে হাত ও পোশাক নোংরা হয় না।
সবশেষে, অফিসে যাওয়ার পথে, ভ্রমণে কিংবা গাড়িতে বসে তাড়াহুড়োর মধ্যে খাওয়ার সময় এই পদ্ধতি বিশেষ সুবিধাজনক। মোড়কটি বার্গারকে একসঙ্গে ধরে রাখায় খাবার নষ্ট হওয়ার বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না।
শুধু রেস্তোরাঁতেই নয়, বাড়িতে বার্গার তৈরি করলেও এই চমৎকার কৌশলটি কাজে লাগানো সম্ভব। ঘরোয়া আয়োজনে বার্গার মুড়ে পরিবেশন করতে পার্চমেন্ট পেপার, ওয়াক্স পেপার কিংবা ফুড-গ্রেড র্যাপিং পেপার ব্যবহার করা যেতে পারে।
বার্গারটি কাগজের ঠিক মাঝখানে রেখে দুই পাশ থেকে ভাঁজ করে নিচের অংশটি ভালোভাবে গুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্তোরাঁ স্টাইলের হাফ-র্যাপ। বাড়িতে অতিথি এলে এভাবে কাগজে মোড়ানো বার্গার ও ফ্রেঞ্চ ফ্রাই ছোট ঝুড়ি বা ট্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করলে তা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, তেমনি খাওয়ার পর টেবিল পরিষ্কার করাও সহজ হবে।
বার্গার খাওয়ার আসল আনন্দ মাটি হয়ে যায় যখন চিজ ও সস গড়িয়ে পড়ে পুরো বার্গারটি ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে যায়। অর্ধেক মোড়কের মধ্যে রেখে খাওয়ার মতো এই ছোট ও সাধারণ অভ্যাসটি বার্গার খাওয়ার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই পরেরবার বার্গার খাওয়ার আগে পুরো কাগজটি না খুলে কামড় দিন বুদ্ধিমত্তার সাথে।



