নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (২৬ মে) মহাসড়কের সোনারগাঁ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে মহাসড়কের সোনারগাঁ টিপুদ্রি এলাকার পাশে অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করে। গত এপ্রিল মাসের বকেয়া সহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করার দাবি জানান শ্রমিকরা। তবে মালিকপক্ষ পুরো বেতন দিতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে ক্ষোভে শ্রমিকরা আন্দোলন শুরু করে ও মহাসড়ক অবরোধ করে।
যানজটে বসে থাকা তিশা বাসের যাত্রী আরমান মিয়া বলেন, “দুপুরে মদনপুর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি। এখন গাড়ি একটুও সামনে এগোচ্ছেনা।”
ট্রাক চালক রফিক মিয়া বলেন, “হঠাৎ করে এমন যানজট কেন হলো কিছুই বুঝতে পারছিনা। সকালেও মহাসড়কে যানজট দেখিনি।”
কাচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোল প্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।