বিভাগীয় নগরী রংপুরের প্রধান প্রধান সড়কগুলো দখল করে লিচুর মার্কেট বসানো হয়েছে। সিটি কর্পোরেশন কার্যালয় থেকে মাত্র ১ গজ দুরে এই মার্কেট বসানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে পথচারী ও সাধারণ মানুষের অভিযোগ।
রংপুর মেট্রোপলিটন পুলিশও বিষয়টি আমলে নিচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। ফলে ঈদের আগে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
সরেজমিন দেখা যায়, রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও পাবলিক লাইব্রেরী হলের সামনের সড়কের অর্ধেক জায়গা দখল করে লিচুর পাইকারী বাজার বসানো হয়েছে। সেখানে অটোরিকশা, ভ্যান, মটর সাইকেল নিয়ে ব্যবসায়ীরা ভীড় করায় পুরো রাস্তার অর্ধেক বন্ধ হয়ে পড়ছে। অথচ রংপুর নগরীর প্রধান এই সড়কটি দিয়ে হাজারো যানবাহন নিয়মিত চলাচল করে।
ওই রাস্তাটি ওয়ান ওয়ে হওয়ায় যারা ওই সড়ক দিয়ে সিটি বাজারসহ নগরীর বিভিন্ন জায়গায় যাতায়াতকারীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। গত ৩ দিনে অন্তত ৫টি অটো ও মটর সাইকেল দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কটি হাজার হাজার মানুষকে ব্যবহার করতে হয়। আর কোনো বিকল্প সড়ক না থাকায় দখল করে রাখা সড়কটি দিয়ে যাতায়াত করতে পথচারী ও সাধারণ মানুষকে নানারকম সমস্যার মুখোমুখী হতে হচ্ছে।
পথচারী মমতাজ উদ্দিন বলেন, “রংপুর নগরীর প্রদান সড়ক দখল করে লিচুর মার্কেট গড়ে ওঠায় আমাদের যাতায়াতে সমস্যা হচ্ছে।”
কলেজ ছাত্র মোস্তাক বলেন, “নগরীর প্রধান সড়ক দখল করে মার্কেট দেশের আর কোথাও আছে কি-না আমরা জানি না।” ট্রাফিক পুলিশ, সিটি কর্পোরেশন থাকার পরও কিভাবে এ মার্কেট বসানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এছাড়াও সিটি কর্পোরেশন থেকে শুরু করে জাহাজ কোম্পানি পর্যন্ত ১ কিলোমিটারের ফুটপাত পুরো দখল করে বিভিন্ন পসরা সাজিয়ে ব্যবসা চলছে।
নগরবাসির অভিযোগ ঈদের সময় নগরীতে রংপুর নগরী ছাড়াও বিভিন্ন জেলার মানুষ আসনে। এতে, তাদের যানজটের কবলে পড়তে হচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী ডন জানান, তিনি বিষয়টি দেখেছেন। প্রধান সড়ক আর ফুটপাত দখলমুক্ত করতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।