Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন তিনি

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে দেশের তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক বিমানে রংপুর বিভাগের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময়ের সময়সূচি নির্ধারিত রয়েছে। সফর শেষে আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, তেজগাঁও বিমানবন্দর থেকে উড্ডয়ন করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের ‘ধর্মসভা’ পূজামণ্ডপে উপস্থিত হয়ে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রংপুরের কর্মসূচি শেষে দুপুরের দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরবর্তীতে রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা) মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

রাজশাহীর জনসভা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া ৪টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম পৌঁছে সেখান থেকে সরাসরি নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপে যাবেন তিনি। তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শনের এই বিশেষ সফর শেষ করে আজ রাতে বিমানযোগে রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী।

   

About

Popular Links

x