Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী 

আধুনিক, পেশাদার, দক্ষ ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর  গুরুত্বারোপ করেন তিনি 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতটি ইউনিটকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জাতীয় পতাকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 

এসময় প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

ন্যাশনাল স্ট্যান্ডার্ড পাওয়া সাতটি ইউনিটকে এই গৌরবময় স্বীকৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি ইউনিটগুলোর সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। 

অনুষ্ঠানে জাতীয় পতাকার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘‘সেনাবাহিনীর যেকোনো ইউনিটের জন্য জাতীয় পতাকা শুধু একটি পতাকা নয়; এটি ওই ইউনিটের গৌরবময় ঐতিহ্য, বীরত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক। লাল-সবুজের এই পতাকার সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য বীরের আত্মত্যাগের ইতিহাস।’’ 

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x