২৬ জুন ঢাকায় আসছেন অনুপম রায়

অনুপম রায় আবারও গান শোনাতে ঢাকায় আসছেন। দুই বাংলার জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী আগামী ২৬ জুন পুরো ব্যান্ড নিয়ে রাজধানীতে একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন। তার আগমনের খবরে ভক্তদের মাঝে ইতোমধ্যেই দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

"অন ট্রু সাউন্ড" শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

আয়োজক সূত্র জানিয়েছে, এবার অনুপম রায় একা নন; তার পুরো ব্যান্ড দল নিয়েই ঢাকায় আসছেন। প্রিয় শিল্পীর আগমনের খবরে রাজধানীর শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ অপেক্ষা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবশেষ ঢাকায় পারফর্ম করেছিলেন তিনি। তারও আগে ২০২৩ সালের জুলাইয়ে একই আয়োজকের উদ্যোগেম্যাজিক্যাল নাইটকনসার্টে অংশ নিয়ে রাজধানীর আইসিসিবি মাতিয়েছিলেন এই শিল্পী। সেই সফরে ঢাকার রাস্তায় তার হাঁটাহাঁটির ভিডিও ভক্তদের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল।

বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন অনুপম রায় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিতে শুরু করেন। এখানকার মানুষের ভালোবাসাই তাকে বারবার টেনে আনে।

আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই কনসার্টের ভেন্যু টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।