Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন আবার নামঞ্জুর

গত ২২ সেপ্টেম্বর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় প্রাইভেট কারের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয় 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছরের কিশোরের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন (মামুন) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “শিশু হিসেবে এবং বাদীপক্ষের সাথে আপস হয়েছে জানিয়ে জামিন আবেদন করেন তারা। বাদীও আদালতে উপস্থিত ছিলেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করি। পরে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন।”

গত ২৪ সেপ্টেম্বর একই আদালত এই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছিলেন। সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল। পরে শুনানি নিয়ে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ২৪ বছর বয়সি মেহেদী হাসান মিমকে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ি চালক আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম ছিল না।

দুর্ঘটনার পর গাড়ির চালকের আসনে থাকা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছিল উপস্থিত লোকজন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিশোরের সম্পৃক্ততা পায়।

এরপর ২৩ সেপ্টেম্বর ওই কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ। তাকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরেফীন ইসলাম। ওইদিন আদালত গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

   

About

Popular Links

x