বিমান, ট্রেন ও বাসযোগে ঢাকায় আসছে কসাই

ঈদ-উল-আজহায় কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতির জন্য উত্তরবঙ্গ থেকে এবারও এক হাজারের মতো কসাই ছুটছেন ঢাকায়। এসময় মোটা অঙ্কের আয় করে থাকেন তারা। 

বুধবার (২৭ মে) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ৬৫ জনের কসাইয়ের একটি দল ঢাকার উদ্দেশে দিনাজপুর ছেড়ে গেছে। এছাড়া পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর স্টেশন থেকেও অনেক কসাই বিভিন্ন ট্রেনে দিনাজপুর ছেড়েছেন। যেসব উপজেলায় ট্রেন যোগাযোগ নেই, তারা ঢাকাগামী বাসে সড়ক পথে রওয়ানা দিয়েছেন। 

প্রতিবছরের মতো এবারও সৈয়দপুর থেকে শতাধিক কসাই রাজধানীতে আসছেন  কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে। কেউ আসছেন বাসে, কেউ ট্রেনে, অনেকে আবার বিমানযোগে। 

ঈদের কয়েকটি দিন ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরু বানানোর কাজ শেষ করে তারা নিজ শহরে ফিরে যান। এজন্য অনেকেই বিমানকে বেছে নেন। 

সৈয়দপুর পৌর মাংস হাটির কসাই ফজলে রাব্বি বলেন, “ঈদের আগে ঢাকাগামী বিমানে যাত্রী কম থাকে। কারণ, তখন সবাই ঢাকা থেকে সৈয়দপুরে আসেন। তাই বিমান কোম্পানিগুলো ভাড়া কমিয়ে দেয়। আমরা সেই সুযোগটা কাজে লাগাই।” 

ঈদের ৩ থেকে ৪ দিন তারা ঢাকায় অবস্থান করে বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজ করবেন বলে জানান। 

সূত্রে জানা গেছে, ১৫-২০ জন কসাই বিমানের টিকিট নিয়েছেন। তারা সৈয়দপুর বিমানবন্দর থেকে শেষের কয়েকটি ফ্লাইটে ঢাকায় আসবেন।