জাতীয় ঈদগাহে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীসহ সারাদেশে আজ উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ অংশ নেন।

মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মাদ মালেক জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন। তিনি নামাজ শেষে খুতবা পাঠ করেন। নির্ধারিত দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ খুতবা পাঠ ও মোনাজাত করা হয়। খুতবার পর সকাল ৭টা ৫১ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও এই জামাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের সম্মানিত কূটনীতিকসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মুসলমান এই মাঠে নামাজ আদায় করেন।

নামাজ শেষে চিরাচরিত নিয়মে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্বিক ব্যবস্থাপনায় ঈদের এই প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। ডিএসসিসির পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি, সাধারণ মুসল্লি ও নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ ও বসার ব্যবস্থা। ঈদগাহে অজু, সুপেয় পানি, শৌচাগার, চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়।